যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার গুপ্তচরবৃত্তির অভিযোগ চীনের

১৬ অক্টোবর, ২০২৪ ১২:৪৯  

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বজুড়ে সাইবার গুপ্তচরবৃত্তির মাধ্যমে প্রতিপক্ষদের ঘায়েল করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। বিশ্বব্যাপী টেলিযোগাযোগ ও ইন্টারনেট ব্যবহারকারীদের ওপরও নজরদারি চালিয়েছে তারা। চীন, জার্মানিসহ প্রতিপক্ষ দেশগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। চীনের সাইবার নিরাপত্তা সংস্থা ভোল্ট টাইফুনের এক প্রতিবেদনে এসব অভিযোগ উঠে এসেছে। খবর এখন।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলেছে চীন। সাইবার জগতে এসব গুপ্তচরবৃত্তির কার্যক্রম চালিয়ে আসছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

অভিযোগে বলা হয়েছে, সাইবার হামলার মাধ্যমে বিভিন্ন দেশে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে তদন্ত কাজ ও গবেষণায় ব্যাঘাত ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে এ তথ্য উন্মোচন করেছে চীনের ন্যাশনাল কম্পিউটার ভাইরাস ইমার্জেন্সি রেসপন্স সেন্টার ভোল্ট টাইফুন।

প্রতিবেদনে অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেট কোম্পানির সার্ভার থেকে ডাটা সরাসরি অ্যাক্সেস নেয়া হয়। যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের সহায়তায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রেরিত ডাটা বিশ্লেষণ করে এবং প্রয়োজনীয় তথ্য চুরি করে যুক্তরাষ্ট্র।

চুরি হওয়া এসব ডাটা পাঠযোগ্য ও ডিকোডিং করার জন্য আপস্ট্রিম ও প্রিজম নামে দুটি প্রকল্প হাতে নিয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা।

ডিবিটেক/বিএমটি